চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত
প্রকাশ: ৬:৫৩ অপরাহ্ণ জুলাই ১৭, ২০২৫

◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – ২০২৫”। সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ও শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদারেসিন, চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি ও কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, ভাইস প্রিন্সিপাল মারুফ বিল্লাহ, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক জাহিদ হাসান, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক এ এইচ এইচ এম শাকিল আহমেদ এবং নুরিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জোবায়ের আহমেদ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক এক অভিজ্ঞতা।