চাঁপাইনবাবগঞ্জে এক বছরে প্রায় ছয় হাজার জাতীয় পরিচয়পত্র আবেদন নিষ্পত্তি
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ণ জুলাই ১৪, ২০২৫

উওম কুমার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে ভোগান্তি ও হয়রানির অভিযোগের পর বর্তমানে জেলা নির্বাচন অফিসে সেবাগ্রহীতারা স্বল্প সময়ে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা।
গত ০১/০৭/২০২৪ হতে ৩০/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরে ৫৬৮৮ টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হয়েছে।
জেলার কোর্ট ও নিউ মার্কেট এলাকায় অবস্থিত জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, আগের মতো দীর্ঘ লাইন এখন আর নেই। নেই অতিরিক্ত ভিড়। সেবাগ্রহীতারা নির্ধারিত সময়ে সরাসরি অফিসে গিয়ে সহজেই সেবা পাচ্ছেন।
এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন বর্তমান জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তার দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কার্যক্রমে গতি ও স্বচ্ছতা এসেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগে পর্যাপ্ত কাগজপত্র বা যৌক্তিক তথ্যের অভাবে অনেক আবেদন বছরের পর বছর ঝুলে থাকলেও এখন প্রতিটি আবেদন যাচাইয়ের পর সংশোধনের যৌক্তিকতা যাচাই করা হয় এবং অতিদ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।
সেবা নিতে আসা কয়েকজন জানান, আগে এনআইডি সংশোধনের জন্য দফায় দফায় অফিসে আসতে হতো, এখন নিজেরাই অনলাইনের মাধ্যমে আবেদন করে সরাসরি অফিসে না এসে নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ করতে পারছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর গ্রামের সেবাগ্রহীতা মোঃ আবু বাক্কার সিদ্দিক বলেন, আমার এনআইডিতে পিতা-মাতার নাম ভুল ছিল। আগে একবার আবেদন করে হতাশ হয়েছিলাম এবং আবেদনের সাথে সঠিকভাবে কাগজপত্র সংযুক্ত না করায় আবেদনটি বাতিল হয়েছিল। পরবর্তীতে পুনরায় আবেদনের মাত্র কয়েকদিনের মধ্যে সমাধান পেয়েছি।
মোছাঃ সুমাইয়া খাতুন নামে এক নতুন ভোটার জনান, যেদিন আবেদন করি তার পরদিনই আমি বায়োমেট্রিক সম্পন্ন করে ছবি তুলি। আগে শুনতাম নির্বাচন অফিসের কাজ অনেক দীর্ঘসূত্রিতা বা সময় স্বাপেক্ষ্য। কিন্তু বাস্তবে স্বল্প সময়ে কাজের মাধ্যমে স্বচ্ছতার প্রমাণ পেলাম।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম বলেন, আমি চেষ্টা করছি আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে। যেন সেবাগ্রহীতাগণ কাঙ্খিত সেবা পায়। তিনি আরো জানান, বর্তমানে আমার অফিসে কোনো আবেদন পেন্ডিং নেই।
সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃপক্ষ জানায়, অন্যান্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জকে এখন একটি মডেল হিসেবে দেখা হয়। এরকম কার্যকর সেবা প্রদানের ব্যবস্থা অন্য জেলাগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। এনআইডি সংশোধন সেবায় যে স্বচ্ছতা ও গতি এসেছে, তা সাধারণ জনগণের মধ্যে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আস্থা বৃদ্ধি করছে।