🔸মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের অনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভানুগাছ বাজারের ভাই ভাই ষ্টোর নামক দোকান থেকে এই সিগারেট জব্দ করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে মোট ১ লক্ষ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মো. সোহাগ মিয়া (৩২) এবং মো. রাহী (১৯)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট আনয়ন ও বিক্রির কথা স্বীকার করেছে।

সিগারেট মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।