স্কুলছাত্রী আনজুম হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে কুলাউড়ায় মশাল মিছিল
প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ণ জুলাই ৬, ২০২৫

মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার):
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের স্কুলছাত্রী আনজুম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (5 জুলাই) রাতে স্থানীয় সচেতন ছাত্র, যুব সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্যোগে এই মিছিল কুলাউড়া স্টেশন চৌমুহনী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, স্কুলছাত্রী আনজুম সম্প্রতি ধর্ষণের চেষ্টা ও শ্বাসরোধে নির্মমভাবে খুন হন। ঘটনায় অভিযুক্ত জুনেল মিয়াকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে। এ ছাড়া পুলিশ ভিকটিমের বোরখা, জুতা ও অন্যান্য আলামতও উদ্ধার করে, যা মামলার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে, এতসব স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আদালত আসামিকে রিমান্ডে না দিয়ে মাত্র দুই দিনের ‘জেল গেইটে জিজ্ঞাসাবাদ’ মঞ্জুর করে। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও জনরোষ সৃষ্টি হয়। অনেকেই এটিকে ‘আইনের নামে নাটক’ বলেও উল্লেখ করেন।
মশাল মিছিলে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন,
“একজন মেয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়ে খুন হলো, খুনি স্বীকারও করেছে—তারপরও রিমান্ড না দিয়ে জেল গেইটে জিজ্ঞাসাবাদ? এটা কোনো বিচারের পথ হতে পারে না। আমরা এর সুষ্ঠু ও দ্রুত বিচার চাই।”
স্থানীয়রা অভিযোগ করেন, মামলাটি দুর্বল করার পরিকল্পনা চলতে পারে বলেই রিমান্ড না দিয়ে নরম আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তারা হুঁশিয়ার করে বলেন,
“যদি আনজুম হত্যার বিচার বিলম্বিত হয় বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে কুলাউড়াবাসী আরও বড় আন্দোলনে নামবে।”
জনগণের স্পষ্ট দাবি— দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।