চরফ্যাসনে জমি বিক্রির নামে বোনের সঙ্গে প্রতারণার অভিযোগ
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ণ জুন ৩০, ২০২৫

◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে জমি বিক্রির নামে স্ট্যাম্প চুক্তি করে সৎ ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক নারী।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদাউস অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তার সৎ ভাই এনামুল হাসান স্ট্যাম্প চুক্তির মাধ্যমে জিন্নাগর মৌজার এসএ ৩৭৫ নং খতিয়ানভুক্ত ৬ শতাংশ জমি তাকে বিক্রি করেন। কিন্তু দলিল সম্পাদনের নাম করে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করেন এনামুল। পরে তিনি গোপনে ওই জমিসহ অন্যান্য জমি অন্য কারও কাছে বিক্রির চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে জান্নাতুল ফেরদাউস চরফ্যাসন সাব-রেজিস্ট্রার অফিসে আপত্তি জানান, ফলে সংশ্লিষ্ট জমির দলিল রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়।
সোমবার রাতে চরফ্যাসন রিপোর্টার্স ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদাউস বলেন, “জমি দলিল দেয়ার জন্য চাপ দিলে সৎ ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন এবং মারধর ও মামলা করার হুমকি দেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, উল্লেখিত খতিয়ানে জমি নিয়ে দেওয়ানি মামলা (নং ৭৭৫/২৩) চলমান থাকা সত্ত্বেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এনামুল জমি বিক্রির চেষ্টা করেন এবং স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে এনামুল হাসান বলেন, “আমার সৎ বোন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”