টরন্টোতে ‘Know Your Rights : আপনার অধিকার জানুন’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭:২২ অপরাহ্ণ জুন ১০, ২০২৫

রুহুল চৌধুরী, টরন্টো, কানাডাঃ
কানাডায় নবাগতদের অধিকার এবং করণীয়-বর্জনীয় সম্পর্কে টরন্টোতে বসবাসরত বৃহত্তর জৈন্তিয়াবাসীর উদ্যোগে “Know Your Rights : আপনার অধিকার জানুন” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


৮ই জুন (রবিবার) টরন্টোর ডেনফোর্থে অবস্থিত বাংলাদেশ সেন্টারে মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় উক্ত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশি কমিউনিটির একমাত্র পার্সোনাল ইনজুরি লইয়ার ব্যারিস্টার শামস শামসুদ্দিন। তিনি নবাগতদের তাঁদের বিভিন্ন অধিকার এবং যে কোন ধরনের দুর্ঘটনা বিশেষ করে কোন এক্সিডেন্ট হলে কিভাবে আইনি সহায়তা নিতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

ইন্সুরেন্স বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ ইকবাল নতুনদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ইন্সুরেন্স নিয়ে আলোচনা করেন। নতুনরা যারা বাইক নিয়ে ফুড ডেলিভারি করেন তাঁরা ইন্সুরেন্স থাকলে কতটা নিরাপদ আর ইন্সুরেন্স না থাকলে কতটা ঝুঁকিপূর্ণ সে ব্যাপারে দিকনির্দেশনা দেন।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান খোরশেদ খান, প্রফেসর আশিকুজ্জামান, অধ্যাপক শহিদুল হক নাজমু, কানাইঘাট প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব কানাডার আহবায়ক আহমেদ মোস্তাকিন, কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টোর আহবায়ক এডভোকেট কামরুল ইসলাম, জৈন্তাপুর এসোসিয়েশন অব কানাডার আহবায়ক ডাক্তার শামসুল আবেদীন, চেয়ারম্যান আবুল হাসনাত ও মাওলানা জামাল আহমেদ প্রমূখ।