চরফ্যাসনে ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত
প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ণ মে ৩১, ২০২৫

এম ফাহিম, চরফ্যাসন(ভোলা):
ভোলার চরফ্যাসনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রাসেল (২৮) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) চরফ্যাসন-দুলারহাট সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের হাওলাদারের ছেলে। তিনি পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর দুলারহাট শাখায় একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, এনজিওকর্মী রাসেল সকালে নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশে রওনা দেন। দুলারহাট শাখায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রাসেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ভোলা সদরে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই রাসেলের মৃত্যু হয়।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।