গোমস্তাপুরে বিএসএফের পুশইন ১৭জনকে পরিবারের জিম্মায় ফেরত
প্রকাশ: ৯:৫৪ অপরাহ্ণ মে ২৮, ২০২৫

উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত এলাকা দিয়ে মঙ্গলবার ১৭ জন মানুষকে ঠেলে দিয়েছিলো বিএসএফ। এর মধ্যে ১৭জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশ ১৭ জন পুশইন ব্যাক্তিকে পরিবারের জিম্মায় ফেরত দিয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, আটককৃতদের পরিচয়ও মিলেছে। তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি ও নাগেশ্বরী থানায় বলে জানান। মঙ্গলবার আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বুধবার দুপুরে তাদের মধ্যে ১৭জনকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে হরিয়ানা নামক স্থানে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল।
১৭ মে ২০২৫ তারিখ ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে হারিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে ভারতের হাওড়া জেলায় নিয়ে আসে এবং হাওড়া হতে বাসযোগে ২৪ মে ২০২৫ তারিখ আনুমানিক সকাল ৬টার দিকে নিয়ে এসে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফএফ এর ইটাভাটা ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে ইটাভাটা বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে সীমান্ত পিলার ২১৯/৭১-আর এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি থানার কাশিমপুর গ্রামের মৃত জেয়ার ব্যাপারীর ছেলে মোঃ মফিজুল হক (২৬), মফিজুল হকের স্ত্রী মোছাঃ মনজু বেগম (২২), তার মেয়ে মিতু আক্তার (১৩), মরিয়ম (১) ও ছেলে বেলাল (৪), একই থানার দাশিয়ারছড়া গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে মোঃ শাহাজুল ইসলাম (৪২), তার ছেলে রিদয় (৪), একই থানার ডাছিছড়া কালিহাট গ্রামের শাহাজুল আলীর ছেলে মোঃ মাসুদ (১৩), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সাতকুড়ার পাড় গ্রামের মৃত বক্তার আলীর মেয়ে ববিতা বেগম (৩৪), একই থানার এগারোমাথা গ্রামের মৃত বকতার আলীর স্ত্রী রফিয়া বেগম (৬০), একই থানার সাতকুড়ার পাড় গ্রামের সাহাজুল ইসলামের ছেলে মামুন মিয়া (১৮), একই থানার ঘুসাইবাড়ি গ্রামের শ্রী অতুল চন্দ্র বর্মনের ছেলে শ্রী বুলু চন্দ্র সেন (৪০), তার স্ত্রী শ্রীমতি সুনোতি রানী (৩৪), মেয়ে শ্রী বুলবুলি চন্দ্র বর্মন (১৬), ছেলে শ্রী সুশান্ত চন্দ্র বর্মণ (০৮), শ্রী সুমন চন্দ্র বর্মন (৬), শ্রী গোপাল চন্দ্র বর্মন (৪)।