চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে মা- মেয়ে সহ তিন নারীকে মারধরের ঘটনার মামলায় মোহাম্মদ আলী(৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়ন বাবুর হাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরি মুকরি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জালাল বেপারীর ছেলে। চরকুকরি মুকরি ফাঁড়ির ইনচার্জ মো. জাহিদ হোসেন মিঞা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোহাম্মদ আলী তিন নারীকে মারধরের মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী নুপুর জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যুবদল নেতা মোহাম্মদ আলী আমাদের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে আসছে। সেই টাকা না দেওয়ায় গত ১৪ মে চরকুকরি মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে আমার বাবার বাড়ির দরজায় আমার মা রহিমা বেগমের ওপর অতর্কিত হামলা ও মারধর করেন। ওই সময় আমি ও আমার ছোট বোন মুক্তা আগাইয়া আসলে আমাদের ওপরও অতর্কিত হামলা চালায় মোহাম্মদ আলী ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে এসে এই ঘটনার স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং থানা পুলিশের কাছে গিয়ে কোনো সমাধান না হওয়ায় গত ১৭ মে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।

বুধবার দুপুরে আসামী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ আইচা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইঁয়া জানান, দুপরে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।