এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)॥

ভোলার চরফ্যাসন উপজেলার চরপাতিলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাবলিগ জামাতের সাথী সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশী মো. নাহিয়ান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মে) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি মুকরি ইউনিয়নের চরপাতিলা ৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটে।

নিহত মো. নাহিয়ান গৌরনদী উপজেলার টরকী নামক এলাকার বাসিন্দা মো. মাসুদ কাজীর ছেলে।

তাবলীগ জামাতের সাথী মো. আমজাদ জানান, নিহত মাসুদ এসএসসি পরীক্ষা শেষে ২২ মে ৪০ দিনের চিল্লায় বের হয়ে চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ীর জামে মসজিদে আসেন। তাবলীগ জামাতে ২২ জন সাথী ছিলেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাবলীগ জামাতের সকল সাথীরা মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যান। মাসুদের সাথে সকল সাথীরা গোসল করে মসজিদে ফিরে যান। মাসুদ গোসল করতে পুকুরে নামেন তবে আরো একজন সাথী পুকুরের ঘাটলায় জামা কাপড় ধৌত করেন। ওই সাথী মাসুদকে পুকুরের মাঝখানে ডুবে যেতে দেখে অন্যান্য সাথীদেরকে খবর দেন। কয়েকজন সাথী মিলে পুকুরে নেমে কিছুক্ষন খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তাবলীগ জামাতের একজন সাথী পুকুরে গোসল করতে নেমে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাসন হাসপাতালের আরএমও ডা. মাকলুকুর রহমান।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভুইয়া জানান, মরদেহ পরিবার হেফাজতে রয়েছে।