আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ
প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ণ মে ২২, ২০২৫

জালালাবাদ বার্তা খেলার খবর: তৃতীয় ও শেষ টি-২০ তে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো সংযুক্ত আরব আমিরাত। গত বছর যুক্তরাষ্ট্রের কাছে হারের পর আবারো কোনো নন-টেস্ট প্লেয়িং দেশের কাছে টি-২০ সিরিজ হারলো বাংলাদেশ। টি-২০ অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় সিরিজেই হার মানা হার গলায় পরলেন লিটন দাস।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকে শারজায় বুধবার তৃতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে দেয়নি সংযুক্ত আরব আমিরাত। বাজে ব্যাটিংয়ের পর নখদন্তহীন বোলিংয়ে বড় পরাজয়ের লজ্জা গায়ে মাখলো বাংলাদেশ। টাইগার নামধারী দলটিকে আইসিসি র্যাংকিংয়ের ১৫ নম্বর দলটি যেন বানিয়ে দিলো কাগুজে বাঘ।
প্রথম ওভারে তানজিদ হাসানের চার-ছক্কায় দারুণ শুরুরই ইঙ্গিত দিয়েছিল টানা তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ক্যাচ তুলে দিতেই উল্টোযাত্রা।
বাঁহাতি স্পিনার হায়দার আলী আতঙ্ক ছড়িয়ে তিন বলের মধ্যে তুলে নেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়কে।
হায়দারের তৃতীয় শিকার সহ-অধিনায়ক শেখ মেহেদী। একপ্রান্তে ঝড় তুলে ৪০ রান করা ওপেনার তানজিদ তামিমকে ফেরান আকিফ রাজা। ৫ উইকেটে তখন ৫৭ রান।
তিন বলের মধ্যে শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেনকে তুলে নেন মিডিয়াম পেসার মতিউল্লাহ। ৭ উইকেটে ৭১ রানে পরিণত বাংলাদেশ তখন একশো পেরোবে কি না সংশয়।
বাংলাদেশ ১০০ পেরোলো, দেড়শোও পেরোলো। আমিরাতকে দিলো ১৬৩ রানের চ্যালেঞ্জ। সে জাকের আলী, হাসান মাহমুদ ও শরিফুলের কল্যাণে। নবম উইকেটে ৪৪ ও দশম উইকেটে রেকর্ড ৩৪ রানের জুটি হয়। সর্বোচ্চ ৪১ করেন জাকের। হাসান ১৫ বলে ২৬ ও শরিফুল ৭ বলে ১৬ করে থাকেন অপরাজিত।
রান তাড়ায় নামা আমিরাতকে দ্বিতীয় ওভারেই আঘাত হানে বাংলাদেশ। ডেঞ্জারম্যান মোহাম্মদ ওয়াসিমকে ফেরান শরিফুল।
জোহাইবকে রিশাদ এবং রাহুল চোপড়াকে তানজিম সাকিব তুলে নিয়ে ৩ উইকেটে ৭৯ রানে পরিণত করেন স্বাগতিকদের।
কিন্তু আলিশান শরাফু ও আসিফ খান নতি স্বীকার করেননি। ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরবে ভাসান আরব আমিরাতকে। ৪৭ বলে ৬৮ ও ২৬ বলে ৪১ করে অপরাজিত থাকেন আসিফ খান।
জোর করে একটি ম্যাচ না বাড়ালে বাংলাদেশ হয়তো সিরিজটি ড্র করে ফিরতে পারতো, কিন্তু সেই ড্র-টাও দিতো কাঁটার খোঁচা। আর এখন সিরিজটি খুইয়ে হারের লজ্জা নিয়েই যেতে হচ্ছে পাকিস্তান সফরে।