JALALABAD BARTA NEWS 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইমাম উদ্দিন নামে এক যুবককে কুপানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গাংপার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন (২৭) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড়ের বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে। এ ঘটনায় আহতের ভাই আল আমিন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, সকালে ইমাম উদ্দিন বড়ভাই আল আমিনের মালিকানাধীন আল্লাহ ভরসা ইলেকট্রিক দোকানে রাখা ২ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার পথে হামলার শিকার হন। এসময় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগীরা ইমাম উদ্দিনকে রাস্তা গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তার সঙ্গে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা আহতের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীকালে আহতাবস্থায় ইমাম উদ্দিনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পূর্বশত্রুতার জেরে মারামারির খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

News Source: সিলেটভিউ২৪ডটকম