সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ (সিলেট):

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদরে তুচ্ছ ঘটনা নিয়ে এক প্রতিবেশীর  ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসেন মিয়া দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর থেকে হোসাইন পলাতক রয়েছে।

জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ই একে ওপরের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছু*রি*কা*ঘা*তে*র ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুটি আ*ঘা*তে*র চিহ্ন রয়েছে।

নিহত শিশুর মা ফাতেমা বেগম বলেন সোমবার বিকেলে তার ছেলে ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। গোলাম মর্তুজার ছেলে হোসাইন তার ছেলের কাছে কিছু টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা নিতে চায়। এ সময় হোসেন দৌড়ে সরে যায়।এরপর তার ছেলেকে দৌড়িয়ে বাজারের একটি গলিতে নিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন।

গুরুতর আহত অবস্থায় হোসেন মিয়াকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।