ঘরে ঘরে গ্যাস সংযোগসহ পাঁচদফা দাবিতে ভোলায় মানববন্ধন
প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ণ মে ১, ২০২৫

মো: ফাহিম, চরফ্যাশন, ভোলা:
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা, মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ভোলা-বরিশাল সেতুসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি। বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলার বোরহানউদ্দিন-দৌলতখানের সচেতন নাগরিক সমাাজের ব্যানারে ভোলার সুন্দরবন গ্যাস অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলমের নেতৃত্বে সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী বাংলার রাখাল রাজা তারেক রহমানের নেতৃত্বেই ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি, সেজন্য খুব দ্রুতই নির্বাচন দেয়া ও বিএনপির সরকার গঠনের বিকল্প নেই।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ভোলা একটি দ্বীপ জেলা। এ জেলার ২২ লাখ মানুষ চরমভাবে অবহেলিত। ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ না থাকায় এখানকার মানুষ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এখানকার সরকারি যে হাসপাতাল আছে সেখানে সামান্যতম চিকিৎসা সেবাও পাওয়া যায় না। ভোলায় বিপুল পরিমান গ্যাস মজুদ থাকলেও এখানে উল্লেখ্য যোগ্য শিল্পকারখানা গড়ে ওঠেনি। এ সকল সমস্যা নিয়ে ভোলার মানুষ দীর্ঘ দিন ধরে আন্দোলন করলে কোনো সুফল পায়নি।
ভোলার গ্যাস ভোলার মানুষের অধিকার। ভোলার মানুষকে বঞ্চিত করে এ গ্যাস ভোলার বাইরে নিতে দেয়া হবে না। ভোলা থেকে গ্যাস নেওয়ার আগে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে। অন্যথায় ভোলা থেকে কোনো গ্যাস নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়।