হানিফ পারভেজ, বড়লেখা,মৌলভীবাজার : কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন হাটে দেশীয় পশুর সরবরাহ বাড়লেও এখনো বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

‎সরেজমিন উপজেলার বড়লেখা হাজিগন্জ বাজার, শাহবাজপুর বাজার,চান্দগ্রাম বাজারসহ বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠলেও বিক্রি তুলনামূলক কম। বিশেষ করে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বিক্রেতারা তুলনামূলক বেশি দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।

‎ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম হলেও ছোট ও মাঝারি গরুতে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। বড় গরুর চাহিদা কম থাকলেও গ্রামাঞ্চলে ছোট ও মাঝারি গরুর কোরবানিই বেশি হয়ে থাকে।

‎বুরহান উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘প্রথমে একটি গরুর দাম ১ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে দরদাম করে ১ লাখ ৫ হাজার টাকায় কিনেছি। তবে বাজারমূল্য অনুযায়ী এটি প্রায় ৯০ হাজার টাকার মতো হবে।’

‎অন্যদিকে খামারিরা জানান, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। ফলে প্রত্যাশিত দামে গরু বিক্রি করা সম্ভব হচ্ছে না।

‎খামারি আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার খামারে আটটি গরু ছিল। এর মধ্যে দুটি বিক্রি করেছি, তবে আশানুরূপ দাম পাইনি। ক্রেতারা দাম কম বলছেন।’

‎এদিকে হাটগুলোতে কৃষক ও খামারিদের পাশাপাশি স্থানীয় পাইকারদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তাঁরা গ্রামীণ হাট থেকে গরু কিনে বড় বাজারে বিক্রি করছেন।