ছবি: সংগৃহীত

🔘 নিজস্ব প্রতিবেদক, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রঃ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) থেকে দুই বাংলাদেশি উচ্চশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) এবং জামিল লিমন (২৭)। ২৩ এপ্রিল পর্যন্ত গত ছয় দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টেম্পা শহরে তাদের শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী এবং জামিল লিমন বর্তমানে ইউএসএফ এ পিএইচডি গবেষণারত ছিলেন।

শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে ইউএসএফ পুলিশ, স্টেট পুলিশ এবং শেরিফ অফিস এই তিনটি সংস্থা যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেল  তাদের সর্বশেষ অবস্থানের সিগন্যাল পাওয়া গিয়েছিল। তবে এরপর থেকে তাদের অবস্থান বা গতিবিধি সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট সূত্র বা ‘লিড’ খুঁজে পাওয়া যায়নি।

মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও তারা নিয়মিত সমন্বয় করছেন।

দুই মেধাবী শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এবং তাদের দেশের বাড়িতে স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিমনের সহপাঠী ও পরিচিতদের সাথে কথা বলে কোনো সম্ভাব্য ক্লু পাওয়ার চেষ্টা চালাচ্ছে।