🔹 মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শুক্রবার সকালে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠানিক সজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

“তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে” এই স্লোগানে সংস্থাটির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক উন্মোচন, সুস্থ পরিবেশ-সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার-কার্যকর সেবা শীর্ষক দেশের ৫৬টি জেলার ৫৩৭টি অফিসে একযোগে ভাচুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংস্থাটির প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ইএসডিও আরোগ্যছোঁয়া স্বাস্থ্যসেবা কর্মসূচির ৪১টি শাখায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো: সাকেরুল্লাহসহ সংস্থার বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মীবৃন্দ।

একই সময়ে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ইএসডিও কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুঠোফোনে ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেলে এসএডিও এডুকেশন হাব ও এন্টারপ্রাইজ হাবের ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। স্মারনীয় অতীত-উজ্জ্বল ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা শেষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।