মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সৌরভ (১৭) ও নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির নামের ওপর এক কিশোর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।