চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজন সাংবাদিক এবং এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক এক নেতা বাদী হয়ে গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি হওয়া সাংবাদিকেরা হলেন-চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলোর প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক এবং সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত)। আসামি হওয়া সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এক পরিচিতি সভায় মোতাহার হোসেন সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে কটূক্তি করেন। এর প্রতিবাদে চরফ্যাশন প্রেসক্লাব থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়। ওই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি এই মামলাটি করেছেন।

ভুক্তভোগী সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করার প্রতিবাদ জানানোয় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। দ্রুত মামলাটি প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়লে চরফ্যাশনে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বইছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।