সুজন তালুকদার ছাতক প্রতিনিধি: জাতীয় নদী রক্ষা কমিশন-এর পরিচালক (উপসচিব) খোকন কান্তি সাহা ছাতক উপজেলার বোকা নদীর দখল, দূষণ ও নাব্যতা সংকটের বর্তমান বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার জাউয়া বাজার সংলগ্ন নদী ও আশপাশের পরিবেশ পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা এবং নাব্যতা হ্রাসের উদ্বেগজনক চিত্র প্রত্যক্ষ করেন। এ সময় তিনি নদী ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

‎তিনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত তদারকি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

‎এদিকে স্থানীয় বাসিন্দারা বোকা নদীর দখল ও দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।