- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

চরফ্যাসনে ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি: চরফ্যাসনে সাধারণ মানুষের উদ্যোগে মানববন্ধন।

🔸চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

দীর্ঘদিনের অবহেলা ও যোগাযোগব্যবস্থার দুরবস্থার প্রতিবাদে এবং দ্রুত ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে চরফ্যাসনে সাধারণ মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় চরফ্যাসন পৌরশহরের চরফ্যাসন টাওয়ারের সামনে হাজারো মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী, জেলে, কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল— ‘গ্যাস যদি নিতে চাও, ভোলা–বরিশাল সেতু দাও’, ‘দাবি মোদের একটাই, ভোলা–বরিশাল সেতু চাই’ ইত্যাদি।

বক্তারা বলেন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি নয়, এটি জাতীয় উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অংশ। দেশের দক্ষিণাঞ্চলের পর্যটন, কৃষি, মৎস্যসম্পদ, শিল্পকারখানা ও সামুদ্রিক অর্থনীতিকে আরও এগিয়ে নিতে ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় একের পর এক সেতু নির্মাণ হলেও ভোলার মতো গুরুত্বপূর্ণ জেলা এখনও সেতুবঞ্চিত—যা এক ধরনের বৈষম্য। বক্তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প অনুমোদন, নকশা প্রণয়ন এবং কাজ শুরুর দাবি জানান।