এম. ফাহিম, চরফ্যাসন (ভোলা):

চরফ্যাসনে শীতের আগমনের সঙ্গে সঙ্গে শহরের রাস্তা-ঘাটে ফুটে উঠেছে শীতের উচ্ছ্বাস। সদর রোড, হাসপাতাল মোড় ও জনতা বাজারের ফুটপাত এখন মোটা সোয়েটার, জ্যাকেট, হুডি, উষ্ণ টুপি ও গ্লাভসে ভরে উঠেছে। হালকা শীতল বাতাসে ফুটপাত যেন এক ছোট্ট মেলার মতো হয়ে গেছে।

ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষজনই বেশি আসেন।

স্থানীয়রা জানান, বড় দোকানে দাম বেশি হওয়ায় তারা প্রতিবছর শীতের শুরুতেই এই দোকানগুলো থেকে পরিবারের জন্য প্রয়োজনীয় গরম পোশাক সংগ্রহ করেন।

 

দোকানগুলোতে সোয়েটারের দাম মাত্র ৫০ টাকা থেকে শুরু হয়ে মানসম্মত জ্যাকেট পাওয়া যাচ্ছে ১,০০০ টাকার মধ্যে। কম খরচে ভালো পোশাক পাওয়ায় ক্রেতারা সন্তুষ্ট।

নাজিম হোসেন নামের এক ক্রেতা বলেন, “বড় দোকানে শীতের পোশাকের দাম অনেক বেশি। এখানে একই মানের পোশাক অর্ধেক দামে পাওয়া যায়। তাই প্রতিবছরই শীতের শুরুতে এখানে আসি।”

পুরাতন শীত পোশাক বিক্রেতা মো. মিন্টু সরদার জানিয়েছেন, “ঢাকা ও চট্টগ্রাম থেকে কয়েকটি লট গরম পোশাক আনা হয়েছে। এখন দোকানে প্রায় তিন লাখ টাকার মাল আছে। বিকেলে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি, কারণ তখন সবাই ধীরে ধীরে পোশাক দেখে, পছন্দ করে কিনে। শীত পুরোপুরি নামলে ক্রেতা আরও বাড়বে।”

শীত এখনো পুরো জোরে না আসলেও বিকেলের দিকে ক্রেতার ভিড় সবচেয়ে বেশি। ছোট-বড় সব বয়সের মানুষ, এমনকি বৃদ্ধরাও শীতের প্রস্তুতি নিতে বাজারে এসেছেন। তারা সোয়েটার, হুডি ও জ্যাকেটের সঙ্গে কম্বল ও টুপি মিলিয়ে কিনছেন।