◾রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (তেরখাদা, দিঘলিয়া, রূপসা) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ধর্মীয় সম্প্রীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

রবিবার তেরখাদা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এই অঞ্চলে পূজামণ্ডপে ঢোল বাজবে, আবার একইসাথে মসজিদে আজান ধ্বনিত হবে—এটাই হোক খুলনা-৪ এর পরিচয়।”

তিনি বলেন, দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এবং প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানান।

পারভেজ মল্লিক আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপদ ছিল। বিএনপি কখনোই কোনো ধর্মের বিরোধী নয়।”

সভায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ বলেন, তেরখাদায় বরাবরই হিন্দু-মুসলমান সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তারা ধর্মীয় উৎসবকে রাজনৈতিক ট্যাগিংয়ের বাইরে রাখতে আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, বিএনপি’র নেতা মো. বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।