- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

পাগলা মসজিদের দান রেকর্ডের পথে, দুপুর পর্যন্ত হিসাবে সাড়ে ৮ কোটি

ছবিঃ একাত্তর।

ডেস্ক নিউজঃ  কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা অর্থাৎ সাড়ে চার ঘণ্টায় আট কোটি ৫০ লাখ টাকা পাওয়া গেছে। গণনা এখনও চলছে, যা বিকেল পর্যন্ত গড়াতে পারে।

রূপালী ব্যাংক, কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, শনিবার (৩০ আগস্ট) ‎চার মাস ১৮ দিন পর মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। সকাল সোয়া সাতটায় সিন্দুক খুলে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে শুরু হয় গণনার কাজ।

‎তিনি জানান, মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এ টাকাগুলো ব্যাংকে পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় ৪৭০ জনের একটি দল অংশ নিয়েছে।

‎কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।



‎এর আগে, গত ১২ এপ্রিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। ঐতিহাসিক এ মসজিদের দানবাক্সে একসঙ্গে এতো টাকা পাওয়াটা তখন ছিল নতুন রেকর্ড। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

‎মসজিদটিতে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।