- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

দক্ষিণ আইচা বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥

ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে দক্ষিণ আইচা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারও গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রেজাউল করিম খন্দকার আবু তাহেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে উৎপেতে থাকা আবুল হোসেন নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে ঘাড় ও পিঠে আঘাত করে। আবু তাহের তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বলেন, “প্রকাশ্যে এমন ন্যাক্কারজনক হামলার মাধ্যমে তার জনপ্রিয় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।”

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তার নাম আবুল হোসেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাজারে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।