- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে আহত ২০, নিখোঁজ ১

কাকন সরকার, শেরপুর :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং এক শিশু নিখোঁজ রয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ‘আকাশ বিকাশ’ পরিবহনের ওই বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বড় পুকুরে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান। এর রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।