- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

আওয়ামীলীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে : নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, “২০০৮ সাল থেকে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছেন।”

মঙ্গলবার (৫ আগস্ট) চরফ্যাসন উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাশন স্কয়ারে আয়োজিত বিজয় মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকার নির্বাহী, আইন ও বিচার বিভাগ ধ্বংস করে ফেলেছে। বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে। ছাত্রলীগ ও যুবলীগকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছিল।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করেছেন, এবং আগামী রোজার আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের ভোটেই তারা সংসদ গঠন করবে। গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করে যাচ্ছে বিএনপি।”

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের বিচার চাই। আমার নির্বাচনী এলাকায় দুইজন ছাত্রনেতাকে হত্যা করা হয়েছিল। পিলখানার হত্যাকাণ্ডেরও বিচার চাই আমরা।”

তিনি বলেন, “আমরা সাম্য, মানবিক মূল্যবোধ, শান্তি, সামাজিক ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। জনগণ বিএনপিকে নির্বাচিত করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।”

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “আল্লাহ আমাদের প্রভু, কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশ পরিচালনা করতে চাই।”

তিনি খালেদা জিয়ার সরকার গঠন ও তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু প্রমুখ।