- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িঘরে হামলা ভাংচুর, গ্রেফতার ১

ছবি: বিবিসি বাংলা থেকে নেওয়া।

জালালাবাদ বার্তা২৪:

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাত ও রোববার বিকেলে ওই কিশোরের বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেপ্তার কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গঙ্গাচড়ার একটি গ্রামে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘ওই কিশোর সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে- এমন অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক তাকে আটক করে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।’

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর বিচারের দাবিতে মিছিল করে উত্তেজিত লোকজন তার বাড়ির সামনে যায় এবং কিশোরের এক স্বজনের বাড়ি ভাঙচুর করে। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেলে উত্তেজিত লোকজন ফের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তারপরও অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন এক পুলিশ সদস্য।


স্থানীয় একজন জানান, দুপুরে গ্রামের পাশে কিশোরগঞ্জের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল। বিকেলে সেখান থেকে উত্তেজিত জনতা এসে ওই কিশোরের গ্রামের হিন্দুদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। রাত ৯টার দিকেও ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করে।

গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।’ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

 

রিপোর্ট: সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, জালালাবাদ বার্তা২৪।