- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি

রিপোর্ট : সুদীপ দাশ|স্টাফ রিপোর্টার|জালালাবাদ বার্তা২৪।

কারফিউ শিথিল হতে না হতেই গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে আবারও ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৪৪ ধারা থাকবে রাত ৮টা পর্যন্ত। গতরাতে, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

শনিবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ শিথিল হয় আজ রোববার ভোর ৬টায়। মানুষের নিরাপত্তা বিবচেনায় রাত ৮টা পর্যন্ত আবারও ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। ওই সময়ে জেলায় যে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আজ রোববার সকাল থেকে দেখা গেছে, ভীতি কাটিয়ে মানুষ জীবিকার খোঁজে বেরিয়েছে। কিছু দোকানপাটও খুলতে শুরু করছে। তবে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কাটেনি গ্রেপ্তার আতঙ্ক।

গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় এ পর্যন্ত চারটি মামলার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৮৩ জনকে।