
ছবি: পানিতে ডুবে নিহত ২ বছরের শিশু ফাবিয়া।
এম ফাহিম, চরফ্যাসন(ভোলা):
চোক্ষের পলকে মাইয়াডা ঘর থেইক্কা বাইরে গেছিলো। আর ফিরইয়া আইলোনা। অনেকক্ষন মাইয়া ডারে না দেইখা পুকুরে যাইয়া দেহি পানিতে ভাইসা রইছে আমার বুকের ধন। তোরা আমার মাইয়া ডারে আইনা দে। এখন আমি কি নিয়া বাচমু।
নিহত শিশু ফাবিয়ার বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ভোলার চরফ্যাসনে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে খেলার ছলে নিজ বাড়ির পুকুরের ডুবে দুই বছরের শিশু ফাবিয়ার এমন মৃত্যুতে অন্তহীন আহাজারীতে ভারি হয়ে উঠেছে ওই গ্রামের আকাশ বাতাস। এক মাত্র শিশু কন্যাকে হারিয়ে বিলাপ করতে করতে মুর্ছা যাচ্ছেন মা জাকিয়া বেগম। শিশু কন্যাকে হারিয়ে মায়ের আর্তনাথে কাঁদছে পাড়া প্রতিবেশীরাও।স্বজনদের আর্তনাতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে সোমবার সকালে নিজ বাড়ির পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ব্যবসায়ী খোকনের মেয়ে।
প্রতিবেশীরা জানান, সকালে শিশুর মা গৃহস্তলির কাজে ব্যস্ত ছিলেন। শিশু ফাবিয়া ঘরেই খেলাধুলা করছিলো। মায়ের অগোচরে শিশু ফাবিয়া ঘর থেকে বের হয়ে খেলার ছলে বসত ঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। শিশুর মা শিশু কন্যাকে ঘরে না দেখে খুঁজতে থেকেন। কোথাও না পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীদের সাথে নিয়ে স্বজনারা পুকুর থেকে ভাসমান শিশুকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।