- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।