
নিজস্ব প্রতিবেদক, শেরপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপন উপলক্ষে শেরপুরে সাড়ম্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুলাই ২০২৬ খ্রি. জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্টজনদের উপস্থিতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (১৪৩) আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম। শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা এবং অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আব্দুল আউয়াল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বিবরণ:
সভার শুরুতেই জাতীয় কবির জীবন ও সাহিত্যের ওপর বিশেষ আলোচনা করা হয়। বক্তারা কবির অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় শিল্পীদের পরিবেশিত এই সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন। কবির কালজয়ী গান, কবিতা ও নৃত্যে মুখরিত এই আয়োজন উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে।