- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

লাইসেন্স নবায়ন না করায় জামালপুরের ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় জামালপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার লাইসেন্স নবায়নের জন্য তাগিদ দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স হালনাগাদ করেনি। ফলে চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা সাপেক্ষে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

প্রকাশিত তালিকায় রয়েছে তুষার ডায়াগনস্টিক সেন্টার, দেওয়ানগঞ্জ আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, ডা. এফ রহমান হাসপাতাল, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, স্বপন ডায়াগনস্টিক সেন্টার, নিউ সিটি হাসপাতাল, শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান জেনারেল হাসপাতাল (প্রা.), ইউনাইটেড জেনারেল হাসপাতাল এবং হামিদ মেডিকেল সেন্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা আইনসম্মত নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জামালপুরে এখনও শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।