- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মৌলভীবাজার থেকে :
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জেজেডি) প্রোগ্রাম-এর উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন কারণ, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, বরং পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থাসহ সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ডায়ালগে সহিংসতামুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য সহজলভ্য ও কার্যকর সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাকের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী ইলমেন্ট হাজং-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, দৈনিক নয়া দিগন্ত-এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব এবং কালের কণ্ঠ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী, সাংবাদিক,  নারী-পুরুষ এবং প্রশিক্ষনার্থীরা অংশ নেন। তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।