
কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং শতভাগ নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্যে নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কড়া নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মোঃ আসলাম শাহাজাদা। এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।