- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম দুলালঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলার জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মো. শাহরুখ ইসলাম ওরফে শারুফ (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে রংপুর ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত শাহরুখ ইসলাম স্থানীয় জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকার মো. আনারুল ইসলামের ছেলে। পরিবার জানিয়েছে, শাহরুখ সাঁতার জানত না।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহরুখ তার প্রতিবেশী সোলেমান (১৪) ও স্বাধীন (১২) নামের দুই কিশোরের সঙ্গে স্থানীয় টাঙ্গন নদীর গোসল করতে যায়। গোসল শেষে সোলেমান ও স্বাধীন বাড়িতে ফিরে এলেও শাহরুখ বিকেল পর্যন্ত বাড়ি ফেরেনি। পরে স্বজনেরা ওই দুই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন, সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে শাহরুখ নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে বুধবার রাতেই স্বজন ও প্রতিবেশীরা টাঙ্গন নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে বিষয়টি ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে স্থানীয় ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গন নদীর মাঝখানের তলদেশ থেকে শাহরুখের মরদেহ উদ্ধার করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী ঘটনা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সন্তানের মরদেহ দাফনের অনুমতি চেয়ে একটি লিখিত আবেদন করেছেন নিহতের বাবা মো. আনারুল ইসলাম