
মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
অগ্নিকান্ডের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক করণীয় সম্পর্কে ধারণা দিতে ঠাকুরগাঁওয়ে ফায়ার মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ কচুবাড়ি পোস্ট অফিস এলাকায় শনিবার বিকাল ৩-৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কসিম উদ্দিন সরকার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক। তিনি অগ্নিকান্ডের সময় করণীয়, আগুনের বিভিন্ন উৎস শনাক্তকরণ, অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি অগ্নিকান্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, সে বিষয়েও বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কছিম উদ্দিন সরকার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশেদ সরকার (রাশেদ),সহসভাপতি মো. ওমর ফারুক কাজল, পরিবেশ কর্মী ও নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের উদ্যোগ ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।