
শ্রীমঙ্গল প্রতিনিধি:
পর্যটন শিল্পের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২। আগামী ১৯ থেকে ২১ জুন উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণিল আয়োজন।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এস নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা।
বৃহস্পতিবার ১৮ জুন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অঞ্চলের ২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, জীবনধারা, পোশাক, হস্তশিল্প, খাবার ও উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি থাকবে নাচ, গান, ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি ও বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা।
তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, পর্যটন শিল্পের প্রসার এবং কমিউনিটি-ভিত্তিক পর্যটনের বিকাশ ঘটবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, হারমোনি ফেস্টিভ্যালকে প্রতিবছর নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত হবে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
উৎসবকে সফল করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল পৌরসভা, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ফিনলে টি, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।