- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শেরপুরে বিজিবির অভিযান: চোরাই লাইনের ‘নিয়ন্ত্রক’ ফরিদের বাড়ি থেকে ৩টি ভারতীয় গরু জব্দ

কাকন সরকার, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় থানার ‘লাইনম্যান’ পরিচয় দিয়ে ওই সীমান্তবর্তী এলাকার চোরাচালান সিন্ডিকেট ও যাবতীয় অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। এছাড়া শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং সেখানে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য মজুত রাখতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের বিষয়ে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযানটি পরিচালনা করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার (জব্দ) মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনি প্রক্রিয়া ও কাস্টমসের মাধ্যমে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।