- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি মুজিবুর রহমানের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষ বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে মরদেহ হস্তান্তর হয়। নিহতের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১২ জুন) বিকেলে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত হন। পরিবারের দাবি, তিনি মাছ ধরতে গিয়েছিলেন। তবে বিজিবির প্রাথমিক তথ্যে জানা যায়, তিনি চোরাচালান কার্যক্রমে জড়িত ছিলেন এবং ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, প্রায় ৬-৭ জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানি মাল আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মুজিবুর রহমান নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়।