- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বড়লেখায় সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে হলুদ বর্ণের অসংখ্য কদম ফুল

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলা নিকেতন বাংলাদেশ। ষড়ঋতুর বাংলাদেশে বর্ষা এক অনন্য ঋতু। বর্ষার আগমনকে স্বাগত জানায় কদম ফুল। গোলাকার সাদা হলুদ র‌ঙে মি‌শ্রিত ফুল‌টি দেখতে যেন ভোরের উষা। রুপসী তরুর অন্যতম হলো কদম ফুল।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন সড়কের পাশে এখন হলুদে সেজেঁছে সর্বত্র। বিভিন্ন স্থানে দেখা মিলছে কদম ফুলের। এই বিরামহীন বর্ষণে গাছের শাখে শাখে সবুজ পাতার আড়ালে ফুটে উঠেছে অসংখ্য কদম ফুল।

উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে সড়কের দুই পাশে অসংখ্য কদম ফুল গাছ দেখা গেছে। যেখানে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে হলুদ বর্ণের অসংখ্য কদম ফুল। অনেক শিক্ষার্থীকেই দেখা গেছে কদম ফুল হাতে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে।

কদম ফুল দেখতে বলের মতো গোলাকার। কদমের একটি পূর্ণমঞ্জরীকে সাধারণত একটি ফুল মনে করা হলেও এটি অজস্র ফুলের সমাহার। এর একটি মঞ্জরীতে প্রায় আট হাজার ফুল বিন্যস্ত থাকে। কদম ফুল দেখতে বলের মতো গোল, মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু ফুলের বিকীর্ণ বিন্যাস।কদম ফুলের মৌমৌ গন্ধে আর দৃষ্টিনন্দন রূপ সবার নজর কাড়ছে। বর্ষার অনুভূতি ও অপরূপ সৌন্দর্যের দাবিদার কদম ফুল।

শুধু সৌন্দর্য নয়, বন্যপ্রাণীর প্রয়োজনীয় খাদ্য হিসেবেও এর অসীম গুরুত্ব রয়েছে। কদম ফুলে পাপড়ি ঝরে গেলে গোলাকার বলের মতো দেখা যাওয়া মাংসল অংশটি বাদুড়, কাঠবিড়ালি ও অন্যান্য বন্যপ্রাণীর অন্যতম প্রিয় খাবার।