
উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রোকনপুর সীমান্তে রাতের আঁধার ১৫ জন পুশ ইন করে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন তথ্য জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, শনিবার (১৩জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রোকনপুর বিওপির সীমান্ত পিলার ২২০/এমপি দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ২জন পুরুষ ৮জন নারী ও ৫জন শিশুকে নদীপথে নৌকাযোগে পুশ-ইনের চেষ্টা করে।
বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতায় শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ১৫জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতে অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত আছে।