
নজমুল হক, ফ্রান্স থেকে: জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা ও চর্চাভিত্তিক প্রতিষ্ঠান নজরুল একাডেমী, সিলেট-এর সাধারণ সভায় উপস্থিত আজীবন সদস্যদের সর্বসম্মতিক্রমে বদরুজ্জামান সেলিম আহ্বায়ক মনোনীত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান করা প্রয়োজন। এ লক্ষ্যে নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আহ্বায়ক মনোনীত হওয়ায় বদরুজ্জামান সেলিমকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। এরই ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স-এর পক্ষ থেকেও তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সাধারণ সম্পাদক নজমুল হক বলেন, “বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে নজরুলের আদর্শ, সাহিত্য, সংগীত ও মানবতার বাণী আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং নজরুল একাডেমীর কার্যক্রম নতুন গতি লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি নবনির্বাচিত আহ্বায়কের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং নজরুল গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নজরুলপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গও বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে একাডেমীর কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।