- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের হকি দলের শুভসূচনা

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত এক শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

শনিবার ( ৩০ মে) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। এর সুফলও আসে দ্রুত; ম্যাচের মাত্র ৯ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন মুন্না ইসলাম। এর ঠিক তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক হিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে এসে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মালয়েশিয়া।

তৃতীয় কোয়ার্টারে আবারো জ্বলে ওঠে বাংলাদেশ। এ সময় মুন্না ইসলাম নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার খেলোয়াড় হাকিমি গোল করে ব্যবধান ৩-২-এ নামিয়ে আনেন এবং খেলায় ফেরার জোর চেষ্টা চালান। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে জনি ইসলামের ফিল্ড গোল থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।