
নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি : কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের অভারভিলার একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাঠয়ারি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সংস্কৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ এখলাসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, লেখক ও মানবাধিকার কর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, সোস্যাল অ্যাক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, কবি ও লেখক বদরুজ্জামান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্সের সভাপতি শাহ আলম, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা আখতার হাসান, কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম এবং গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি সামাদুর রহমান চৌধুরী অপু , সংগঠনের সহ-সভাপতি জাকির খান,আব্দুল কাইয়ুম , ফয়সাল ভূঁইয়া,ফয়েজ আহমেদ,জুবেল আহমেদ, মিজান আলম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সাধারণ সম্পাদক ময়নুল হক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক জুয়েল আহমেদ।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর আদর্শ সমাজে সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।