- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীবরদী সীমান্তের দাশিকোনা পাহাড়ি এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ আটক -১

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তের দাশিকোনা পাহাড়ি এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক আদিবাসী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে দাশিকোনা এলাকা থেকে লিপু ম্রং (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাবেলাকোনা গ্রামের এটিন্দ্রের ছেলে। এ সময় তার সহযোগী কালু মিয়া (২৭) পালিয়ে যায় বলে জানা গেছে। তিনি চান্দাপাড়া গ্রামের বিহারী মিয়ার ছেলে।

বিজিবি জানায়, অভিযানে ৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১২ বোতল Blue Pure Grain Whisky (750ml), ১২ বোতল Coniq White (750ml), ১২ বোতল Ice Bare It Vodka (750ml) এবং ৯ বোতল Magic Moment Grain Vodka (750ml)।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শ্রীবরদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।