রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:খুলনা জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে নাটকীয় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৃথক পত্রে এ দুটি কমিটির অনুমোদনের ঘোষণা আসে। ৪৩ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়। অন্যদিকে, ৩০ সদস্যবিশিষ্ট খুলনা জেলা ছাত্রদলের কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়েছিল।
তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই আহ্বায়কের পদে পরিবর্তন এনে নতুন সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ছাত্রদল। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই এমন সিদ্ধান্তে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।