
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলের দেববাড়ি ভৈরবতলি মাঠে অনুষ্ঠিত জোড়া খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনার বাংলা ফুটবল দল।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় দেববাড়ি ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোনার বাংলা ও গোল যোদ্ধা দল। শুরু থেকেই ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলাটি দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শক, করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ভৈরবতলি মাঠ ।
প্রথমার্ধে উভয় দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে দুই দল। খেলার এক পর্যায়ে সোনার বাংলা দলের ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার ফয়ছল দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর দলগত সমন্বয়, রক্ষণভাগের দৃঢ়তা ও কৌশলগত পারফরম্যান্সে সোনার বাংলা দল তাদের লিড ধরে রাখতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিশ্চিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে সোনার বাংলা।
ফাইনাল খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সোনার বাংলার ফয়ছল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনার বাংলা দলের অধিনায়ক কৌশিক দত্ত।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি করে গোল করেন ফয়ছল ও কাঞ্চন চন্দ। পরে লটারির মাধ্যমে কাঞ্চন চন্দ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। চমৎকার দক্ষতা ও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন সোনার বাংলা দলের কয়েছ মিয়া। এছাড়া উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বর্ন কর।
এই টুর্নামেন্টের আরেকটি আকর্ষণীয় দিক ছিল অভিজ্ঞ খেলোয়াড় রিপন দাশের অংশগ্রহণ। ৫০ বছর পেরিয়েও তিনি মাঠে নেমে যে প্রাণশক্তি, দক্ষতা ও খেলার প্রতি ভালোবাসা প্রদর্শন করে দলকে চ্যাম্পিয়ন করেছেন, তা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর প্রতিটি স্পর্শে ফুটে উঠেছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস, যা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি,জোড়া খাসি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী দিলীপ দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুনবীর দশরত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, আছিদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন, সমাজসেবক অজিত বৈদ্য, শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, রনজিত বৈদ্য এবং দলিল লেখক সুব্রত চৌধুরী বাপ্পি।
খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করেন উজ্জ্বল পাসী, দেবজিৎ দত্ত অঙ্গন ও আপন চন্দ। খেলাটি সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য তামিম আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেববাড়ি ইয়ং বয়েজ ক্লাব।