মুহাম্মদ হানিফ পারভেজ বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়। উপজেলার ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৮৩০ জন। এরমধ্যে এসএসসিতে ৩০৬৭ জন, দাখিলে ৬৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ১০৪ জন। এসএসসি, দাখিল ও ভোকেশনালের প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও ক্বোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান,সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। দাসের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রন্জন দাস জানান,উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে। পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষার্থীরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করবে এবং ভালো ফলাফল অর্জন করবে।