মুহাম্মদ হানিফ পারভেজ বড়লেখা প্রতিনিধি: জেলার বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিককে ঈদের আগেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিএনপি সরকার দিচ্ছে শ্রমিক প্রতি ৭ হাজার ৮০০ টাকা করে (কল্যাণ খাতে) ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার বিশেষ ভাতা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে চা-শ্রমিকদের বিশেষ ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব তথ্য জানান। সভায় নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ, বিশুদ্ধ পানিয়জল-সহ নানা সমস্যা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নাসির উদ্দিন আহমেদ এমপির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন আদিবাসি নেতা নারায়ন কর্মী।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হক, চা শ্রমিক নেতা নারায়ন কুর্মী, নারায়ন কালোয়ার প্রমুখ।